সোমবার , ৯ মার্চ ২০২৬ , সকাল ০৬:১৭


অকুপেশনাল থেরাপি: পুনর্বাসন স্বাস্থ্যসেবায় এক অপরিহার্য চিকিৎসা ব্যবস্থা

রিপোর্টার :
প্রকাশ : রবিবার , ২৬ অক্টোবর ২০২৫ , বিকাল ০৫:১৩
প্রিন্ট ভিউ


রাবেয়া আক্তার রুপাঃ

আজ ২৭শে অক্টোবর ২০২৫খ্রি., বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস। "Occupational therapy in Action" প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উক্ত দিবসটি উৎযাপিত হচ্ছে। দিবসটির তাৎপর্য হচ্ছে, অকুপেশনাল থেরাপি শুধু তত্ত্বে (Theory) নয়, বাস্তব জীবনে এর প্রায়োগিক দিক কার্যকরভাবে প্রয়োগ করা, অর্থাৎ অকুপেশনাল থেরাপি চিকিৎসকগণ কেবলমাত্র থিওরেটিকাল বা তত্ত্বের উপর ভিত্তি করে চিকিৎসা প্রদানে সীমাবদ্ধ নন; তারা সমাজ, কর্মক্ষেত্র, পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী শিশুদের স্কুল, এবং কমিউনিটিতে সক্রিয়ভাবে কাজ করছেন, যা মানুষের জীবনযাত্রাকে উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি এমন যে, অকুপেশনাল থেরাপিস্টরা শুধুমাত্র চিকিৎসা প্রদান করছেন এমনটি নয়, বরং রোগীর দৈনন্দিন জীবনের বাস্তব সমস্যার সমাধান করছেন।


অকুপেশনাল থেরাপি হলো স্বাস্থ্যবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ন শাখা, যা শারীরিক, মানসিক বা সামাজিকভাবে অক্ষম ব্যক্তিদের দৈনন্দিন জীবনের কাজগুলো (ADL) স্বাধীনভাবে সম্পাদনে সহায়তা করে। এই থেরাপির মূল উদ্দেশ্য হলো রোগী বা প্রতিবন্ধী ব্যক্তিকে তার জীবনযাত্রায় সর্বোচ্চ স্বাধীনতা ও মানসিক সন্তষ্টি প্রদান করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ‘অকুপেশনাল থেরাপি এমন একটি পুনবার্সনমূলক থেরাপিউটিক স্বাস্থ্যসেবা, যার মাধ্যমে মানুষকে তার দৈনন্দিন কাজ, যেমন- খাওয়া, পোশাক পরা, লেখা, হাঁটা, কাজ করা, খেলাধুলা, ইত্যাদি কর্মকান্ডে সক্ষম করে তোলা হয়।’


অকুপেশনাল থেরাপি চিকিৎসার মূল লক্ষ্য ও উদ্দেশ্যগুলো হলো-

দৈনন্দিন কাজের স্বাধীনতা বৃদ্ধি,

শারীরিক ও মানসিক সক্ষমতা উন্নয়ন,

আত্মবিশ্বাস ও সামাজিক অংশগ্রহণ বৃদ্ধি,

জীবনযাত্রার মান উন্নয়ন, এবং 

পুনর্বাসনের মাধ্যমে কর্মজীবনে প্রত্যাবর্তন।


বর্তমান বিশ্বে বিভিন্ন কারণে শারীরিক প্রতিবন্ধিতা, মানসিক স্বাস্থ্য সমস্যা, বয়স্ক জনগোষ্ঠীদের বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা, এবং শিশুর বিকাশজনিত সমস্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই হিসেবে তাদের পুনর্বাসনের জন্য পুনর্বাসন স্বাস্থ্য পেশাজীবিদের সংখ্যা অপ্রতুল, তম্মধ্যে অকুপেশনাল থেরাপিস্টদের সংখ্যা চাহিদার তুলনায় বাংলাদেশে আরো কম। মানুষকে কর্মক্ষম করে গড়ে তুলতে অকুপেশনাল থেরাপি এখন আধুনিক স্বাস্থ্যসেবার এক অপরিহার্য অংশ বলে প্রতীয়মান। একজন অকুপেশনাল থেরাপিস্ট নিম্নোল্লিখিত ক্ষেত্রে চিকিৎসা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে-

হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (Rehabilitation Centers): রোগীর শারীরিক পুনর্বাসন ও দৈনন্দিন কাজ শেখানো।

স্কুল ও বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান (Special Schools): স্নায়ুবিকাশজনিত সমস্যা, অর্থাৎ অটিজম, সেরিব্রাল পালসি বা শেখার সমস্যাযুক্ত শিশুদের নিয়ে কাজ।

কমিউনিটি ও গ্রামীণ স্বাস্থ্যসেবা (CBR Programme): গ্রামীণ জনগোষ্ঠীর জন্য পুনর্বাসন ও সচেতনতামূলক কার্যক্রম।

বয়স্ক সেবা কেন্দ্র (Geriatric Care Centers): প্রবীণ ব্যক্তিদের শারীরিক ও মানসিক যত্নে সহায়তা।

মানসিক স্বাস্থ্যসেবা: ডিপ্রেশন, সিজোফ্রেনিয়া, অ্যাংজাইটি রোগীর সামাজিক পুনঃঅংশগ্রহণে কাজ।

ইন্ডাস্ট্রি ও কর্মক্ষেত্রে (Occupational Health): কর্মীদের আঘাত প্রতিরোধ, আরগোনমিক মূল্যায়ন ও পুনরায় কাজে ফিরতে সহায়তা।

গবেষণা ও একাডেমিক প্রতিষ্ঠান (Research and Academic Institute): গবেষণা ও শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার সুযোগ।

পেশাগত উন্নয়নের সুযোগ (Career Development): ভবিষ্যতে অকুপেশনাল থেরাপিস্টদের জন্য রয়েছে নানা ধরণের উন্নয়নের পথ, যেমন- উচ্চতর শিক্ষা (Masters, PhD), বিশেষায়িত কোর্স (Neuro rehabilitation, Pediatrics, Geriatrics), বিদেশে কর্মসংস্থান (UK, Canada, Australia, Middle East)- যেখানে, একজন অকুপেশনাল থেরাপিস্ট একটি অত্যন্ত সম্মানজনক পেশা।


বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও দিন দিন অকুপেশনাল থেরাপি চিকিৎসার গুরুত্ব উচ্চহারে বৃদ্বি পাচ্ছে, যা নিন্মোক্ত অবস্থার সূচকে প্রতীয়মান হয়, যেমন- 

সমাজে অকুপেশনাল থেরাপি চিকিৎসার গুরুত্ব বৃদ্ধি: বাংলাদেশে অকুপেশনাল থেরাপির সচেতনতা যেমন বাড়ছে, তেমনি সরকারি ও এনজিও পর্যায়ে পুনর্বাসনমূলক কাজেও অকুপেশনাল থেরাপি পেশার ভূমিকা গুরুত্ব পাচ্ছে।

ভবিষ্যতে প্রতিটি জেলা পর্যায়ে রিহ্যাবিলিটেশন ইউনিটে অকুপেশনাল থেরাপিস্ট নিয়োগ দেয়ার পরিকল্পনাও বাস্তবায়িত হবে।

আর্থিক ও কর্মসংস্থানের সুবিধা: সরকারি ও বেসরকারি হাসপাতাল উভয় জায়গায় কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে, থেরাপিস্টরা চাইলে নিজস্ব ক্লিনিক বা থেরাপি সেন্টারে ব্যক্তিগত চেম্বার স্থাপন করে রোগীদের সেবা দিতে পারে।

বিশ্বের উন্নত দেশে উচ্চতর ডিগ্রী অর্জন ও একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে উচ্চতর বেতন ও সম্মানজনক ভাবে পেশায় সংযুক্ত হবার চাহিদা বৃদ্ধি।


যদিও বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও অকুপেশনাল থেরাপি পেশার চাহিদা আকাশচুম্বি, কিন্তু উক্ত পেশায় স্নাতক পেশাজীবি গড়ার প্রতিষ্ঠান সরকারিভাবে একদমই নেই, তবে বেসরকারিভাবে হাতেগুণা কয়েকটি প্রতিষ্ঠানে চিকিৎসা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করার সুযোগ রয়েছে, যেমন- ‍ক) বাংলাদেশ হেলথ প্রফেশন্স ইন্সটিটিউট, সিআরপি, সাভার, ঢাকা, খ) ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেল্থ সায়েন্সেস, মাসকান্দা, ময়মনসিংহ, গ) সাইক কলেজ অফ মেডিকেল সাইন্স এণ্ড টেকনোলজি, এবং ঘ) জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেল্থ সায়েন্সেস।


সর্বোপরি, বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবসে দেশের আপামর জনসাধারণের সার্বজনীন স্বাস্থ্যসেবা এবং এসডিজি অর্জনের কথা বিবেচনায় রেখে সরকারি ও বেসরকারিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি পেশাজীবিদের নিবন্ধন বাস্তবায়নে সরকারি পৃষ্ঠপোষকতা একান্তভাবে কাম্য।


লেখক-  

রাবেয়া আক্তার রুপা 

৩য় বর্ষ, ব্যাচেলর অব সায়েন্স ইন অকুপেশনাল থেরাপি 

ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেস

মাসকান্দা (নতুন বাজার), সদর, ময়মনসিংহ।